সম্মানিত অভিভাবকবৃন্দ,
সময়ের বিবর্তনে আপনাদের কোমলমতি সন্তানদেরকে নিয়ে আমরা নতুন বছর শুরু করতে যাচ্ছি। বিশ্বাস করি এ যাত্রায় আপনাদের সম্পৃক্ততা আপনার সন্তানের সাফল্যসহ প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণে অবদান রাখবে। রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি তার কর্মকান্ডের মান উত্তরোত্তর বৃদ্ধির লক্ষ্যে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায়ই কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান তার কার্যক্রমকে কাঙ্খিত লক্ষে পৌছাতে পারে। কাজেই আপনার সন্তানকে স্নেহ-কোমল দৃষ্টিতে রাখুন। শাসনে-স্নেহে ওদের কচিমনকে সুষমভাবে গড়ে তুলতে সচেষ্ট হোন। নিয়মিত ক্লাসে উপস্থিত হতে ভূমিকা রাখুন। কারণ এটি ছাড়া কোন শিক্ষার্থীই ভালো ফলাফল করতে সক্ষম হয় না।
শিক্ষার মান উন্নয়নকল্পে আমরা "শিক্ষার্থীদের ডায়েরী" নামক নোট বুক চালু করেছি। এ উপকরণটি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। কাজেই আপনার প্রাণপ্রিয় সন্তানের শিক্ষার উন্নতির স্বার্থেই নিয়মিতভাবে এতে নজর রাখুন। শিক্ষা সংক্রান্ত আপনার যে কোন পরামর্শ এতে লিপিবদ্ধ করুন। আপনার গুরুত্বপূর্ণ সকল পরামর্শ যথাসময়ে শ্রেণিশিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক এবং কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে। এতে আপনার সন্তানের পড়ালেখায় যেমন উন্নতি হবে, সেইসাথে প্রতিষ্ঠানের মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
আপনাদের সক্রিয় সহযোগিতার মাধ্যমেই ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন সম্ভব। আসুন আমরা সবাই মিলে শিক্ষার সুষ্ঠ পরিবেশ গড়ে তুলি এবং আপনার প্রিয় সন্তানটির কাঙ্খিত ভবিষ্যত নির্মাণে সচেষ্ট হই। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।
০৫ জানুয়ারি, ২০২২ ইং
মোঃ ইকবাল হোসেন
প্রধান শিক্ষক
মোবাঃ ০১৯১৩-২০৫২১১